ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: পবিত্র রমজানকে কেন্দ্র করে রাজশাহীর কাঁচাবাজারে লেবুর দাম হঠাৎ করে দ্বিগুণ বেড়েছে। মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে ২০-৩০ টাকা হালির লেবু এখন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর সাহেব বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
লাগামহীন লেবু, চড়া খেজুর ও শসা: বাজারে বর্তমানে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে লেবুতে। হঠাৎ এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। লেবুর পাশাপাশি ইফতারের অপরিহার্য উপাদান খেজুর ও শসার দামও গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০-৩০ টাকা বেড়ে প্রতি কেজি শসা এখন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।
অন্যদিকে, খেজুরের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। কেজিপ্রতি ৫০-৭০ টাকা বেড়ে সবচেয়ে কম দামের ‘প্রেম’ খেজুর এখন ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের খেজুর ৫০০-৫৩০ টাকা এবং উন্নত মানের মরিয়ম খেজুর ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
সবজির বাজারে মিশ্র প্রভাব: বেগুনের কেজি ৫০-৮০ টাকা এবং কাঁচামরিচ ১৬০-১৮০ টাকায় বিক্রি হলেও নতুন করলা চড়া দামে অর্থাৎ ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে ফুলকপি, পেঁয়াজ ও পালং শাকের দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। সবচেয়ে স্বস্তির খবর হলো, আলু এখনো ২০ টাকার নিচে বিক্রি হতে দেখা গেছে।
ক্রেতা-বিক্রেতার ভাষ্য: বাজার করতে আসা ক্রেতা মাহিনুর বলেন, “রমজান এলেই সিন্ডিকেট দাম বাড়িয়ে দেয়। দুইদিন আগের ৩০ টাকার লেবু আজ ৭০ টাকা।” লেবু বিক্রেতা ফয়জুল্লাহর দাবি, পাইকারি বাজারে সংকটের কারণে তাদের বেশি দামে কিনতে হচ্ছে।
প্রশাসনের তৎপরতা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, রমজান উপলক্ষে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। বিশেষ করে খেজুরের ক্রয়মূল্যের রশিদ যাচাই করা হচ্ছে এবং কোনো অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ