বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। এর আগে হাইকোর্ট তাঁকে জামিন দিয়ে রুল জারি করেছিলেন, যা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। আজকের আদেশের ফলে সুমনের জামিন বহাল থাকল।
২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং তাঁর নির্বাচনী এলাকা হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি সেই মামলাগুলোতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
জান্নাত/সকালবেলা