অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠন পেছাল

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ
অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠন পেছাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন আদালত। 

রোববার (১০ মে) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী এই আদেশ দেন।

এদিন মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। তবে আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম এই আবেদনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৫ আগস্ট সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইস্যু করা সব ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তাঁর লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি জমা না দেওয়ায় এবং থানাকে এ বিষয়ে কোনো তথ্য না দেওয়ায় গত ২৪ মে বনানী থানার উপ-পরিদর্শক জানে আলম দুলাল বাদী হয়ে অস্ত্র আইনের ১৯(১) ধারায় এই মামলাটি দায়ের করেন।

২০২৪ সালের ১৩ আগস্ট নৌপথে পালানোর চেষ্টাকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। আজ শুনানির সময় তাঁকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

মন্তব্য করুন