আইভীর জামিন বহাল রাখলেন আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক: পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন।
এই আদেশের ফলে আইভীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে নিশ্চিত করেছেন তাঁর আইনজীবীরা। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এর আগে হাইকোর্ট তাঁকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। আজ পূর্ণাঙ্গ বেঞ্চ সেই স্থগিতাদেশ তুলে নিয়ে জামিন বহাল রাখেন।
আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলার মধ্যে চারটিই হত্যা মামলা। এর মধ্যে রয়েছে ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও একটি মামলা রয়েছে। পরবর্তীতে আরও দুটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হলেও সেগুলোতে তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পান।
গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দিয়েছিলেন, যা আজ দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্তভাবে বহাল রইল।