জঙ্গি নাটক: হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

জঙ্গি নাটক: হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ ভবনে জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৮ মার্চ এই মামলায় পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। একই সঙ্গে তিনি শুনানির জন্য সময়ের আবেদন জানিয়েছিলেন, যার ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন বিষয়ে শুনানি হচ্ছে। বর্তমানে এই মামলায় সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

শেখ হাসিনাসহ মামলার অন্য পলাতক আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি-র তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। আসামিদের আদালতে হাজির হতে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুসারে, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়ি নামক ভবনে ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে একটি অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সেই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়, যাকে পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করে ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন