অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
আজ বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে, অবশিষ্ট ছয়টি মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ডা. দীপু মনি আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে তিনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্র–জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান তিনি। পরবর্তীতে ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।
সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতার নির্দেশনা দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়।