রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর থেকেই সাজাপ্রাপ্ত এই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল রাতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে অপরাধের গুরুত্ব ও সম্পৃক্ততা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে, আইনগত প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে এবং সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হবে।

মন্তব্য করুন