দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর
নিজেস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মেয়র আইভীর পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।

উল্লেখ্য, গত বছরের ৯ মে রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে হাইকোর্ট তাকে ৫টি মামলায় জামিন দিলেও পরবর্তীতে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন। এরপর ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত হয়ে যায়।

সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২ মার্চ ও ১২ এপ্রিল পৃথকভাবে সেই আবেদন মঞ্জুর করেছিলেন। আজ হাইকোর্টের এই আদেশের ফলে ওই দুই মামলায় আইভীর জামিন নিশ্চিত হলো।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন