সোনাগাজীতে মাদক ও চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ

সোনাগাজীতে মাদক ও চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর সোনাগাজীতে মাদক ব্যবসা ও চাঁদাবাজির আধিপত্য নিয়ে পৃথক সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এবং বগাদানা ইউনিয়নের কাজীরহাট এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে যুবদল নেতা মোহাম্মদ সুমন, কর্মী হারুন ও ফয়সাল গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, রাত ৯টার দিকে কাজীরহাট বাজারে চুরি ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বদলীয় এক নেতার বিরুদ্ধে। জসিমের দাবি, যুবদলকর্মী বাবুর নেতৃত্বে একদল যুবক প্রকাশ্যে তাঁর ওপর এই হামলা চালায়।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু জানান, এসব ঘটনা ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক দুটি ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ৩ জনকে আটক করেছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন