ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইয়াকুব আলী, নিজস্ব প্রতিবেদক, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা লেগে লাংতুব ম্রো (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪নং কুরুকপাতা ইউনিয়নের বালুরঝিরি (১নং ভিউ পয়েন্ট) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি আলীকদম সদরের দিকে আসছিল। বালুরঝিরি চূড়া থেকে নিচে নামার সময় হঠাৎ চালকের চোখে পোকা পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায় এবং আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব ম্রো মৃত্যুবরণ করেন। নিহত লাংতুব ম্রো লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরং-এর ছেলে।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) এবং আরোহী লংপং মুরং (৩৫) বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। আলীকদম থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাহাড়ি আঁকাবাঁকা ও ঢালু সড়কে চলাচলের সময় সামান্য অসতর্কতা যে কতটা ভয়াবহ হতে পারে, এই দুর্ঘটনা তারই এক করুণ দৃষ্টান্ত।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ