বিএনপির ঘরে ‘চমক’ : সংরক্ষিত আসনে লড়বেন অভিনেত্রী

বিএনপির ঘরে ‘চমক’ : সংরক্ষিত আসনে লড়বেন অভিনেত্রী

জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকা জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার নাম লেখালেন সরাসরি রাজনীতিতে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

রাজনীতিতে আসার কারণ: বিএনপির মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকার দেওয়ার পর চমক জানান, নারীদের অধিকার রক্ষা এবং দেশের জন্য কাজ করার লক্ষ্যেই তাঁর এই রাজনীতিতে আসা। তিনি বলেন:

“নারীদের জন্য কাজ করতে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।”

মনোনয়ন নিয়ে আশাবাদ: শুক্রবার বিকেলে সাক্ষাৎকার শেষে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় চমককে। দলীয় হাই কমান্ডের সঙ্গে আলোচনার পর তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে দল যে সিদ্ধান্তই নেবে, তা ইতিবাচকভাবে মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা: নিজের এই নতুন পথচলা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন চমক। সেখানে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শীঘ্রই বিস্তারিত জানাবো। পাশে থেকো, দোয়ায় রেখো।” জুলাই আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সরব থাকা এই অভিনেত্রী এখন রাজপথ থেকে সংসদে যাওয়ার দৌড়ে কতটা সফল হন, তা দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন