ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সাত হাজার তিনশ নয়জন। বুধবার (৮ এপ্রিল) ইসি সূত্রগুলো বিষয়টি জানিয়েছে।
নিবন্ধন সম্পন্নকারী ভোটারদের আবেদন অনুমোদনের পর বগুড়া-৬ আসনে প্রবাসী ১ হাজার ২৮১ জন ও দেশের ভেতরে ২ হাজার ৪৫৫ জনকে ব্যালট পাঠানো হয়েছে। আর শেরপুর-৩ আসনের প্রবাসী ৩৮৩ জন এবং দেশের ভেতরে ৩ হাজার ১৯০ জনকে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। অর্থাৎ মোট ৭ হাজার ৩০৯ জনকে ব্যালট পাঠিয়েছে ইসি। এদের মধ্যে বগুড়া-৬ আসনে ভোট দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পাঠিয়েছেন ৩ জন প্রবাসী ও ৬১৬ জন দেশের ভেতরের ভোটার। আর শেরপুর-৩ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রবাসী ১ জনের ও দেশের ভেতরের ১ হাজার ২৪৫ জনের ভোট। ৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোট গ্রহণ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট চালু করে ইসি। এক্ষেত্রে প্রবাসী এবং দেশের ভেতরে ভোটের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবী, কয়েদি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই সুযোগ দিচ্ছে কমিশন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার। এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ