ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স চন্দ্রা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আকতার হোসেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়াকৈর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকতার হোসেন জানান, গত ২৯ মার্চ চন্দ্রা এলাকার একটি কলেজের কতিপয় শিক্ষক শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তাঁর বিরুদ্ধে যে মানববন্ধন করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালানো হচ্ছে।
আকতার হোসেন তাঁর মালিকানার স্বপক্ষে দালিলিক প্রমাণ তুলে ধরে বলেন:
১৯৮৭ সালে সরকার তাঁকে পাম্পের জন্য ৯৯ বছরের লিজ প্রদান করে।
১৯৯১ সালে সড়ক ও জনপথ বিভাগ থেকে রেজিস্ট্রি দলিল (নং- ৯৭৮/৯১) মূলে জমি বুঝে পেয়ে তিনি 'মেসার্স চন্দ্রা ফিলিং স্টেশন' পরিচালনা করে আসছেন।
২০১৬ সালে মহাসড়ক ৪ লেনে উন্নীত করার সময় পাম্পটি ভাঙা পড়লে, তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পুনঃস্থাপনের আবেদন করেন। কর্তৃপক্ষ ডাইনকিনি মৌজার একই দাগে সমপরিমাণ জমি একটু দক্ষিণে তাঁকে বুঝিয়ে দেন।
আকতার হোসেন অভিযোগ করেন, বরাদ্দকৃত জমিতে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে মাটি ভরাট করার পর কাজ শুরু করতে গেলে তৎকালীন অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা আঃ রাজ্জাকের নেতৃত্বে একদল শিক্ষক তাঁর ওপর চড়াও হন। তিনি দাবি করেন, "ওই সময় সেলিম, পলাশ ও শাহজাহানসহ কয়েকজন শিক্ষক আমাকে মারধর করতে আসলে আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিই, যা বর্তমানে চলমান রয়েছে।"
সংবাদ সম্মেলনে আকতার হোসেন আরও বলেন, প্রকৃত সত্য উদ্ঘাটন করে এই অপপ্রচারের অবসান ঘটাতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে দখলকৃত জমিতে পুনরায় পাম্প স্থাপনের অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ