পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

নিজেস্ব প্রতিনিধি: বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থের একটি অংশ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পরিচালিত অনলাইনভিত্তিক প্রতারণামূলক প্ল্যাটফর্ম এমটিএফই (মেটারভার্স ফরেন এক্সচেঞ্জ)-এর মাধ্যমে এসব টাকা পাচার হয়েছিল। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকারও বেশি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি মো. আবুল বাশার তালুকদার এই তথ্য জানান। তিনি বলেন, এমটিএফইর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে ২০২৩ সালের ২৮ আগস্ট খিলগাঁও থানায় এক ভুক্তভোগী মামলা করেন। তদন্তে দেখা যায়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে অসংখ্য বিনিয়োগকারী কোটি কোটি টাকা খুইয়েছেন।

তদন্তে জানা যায়, ২০২২ সালের জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এমটিএফই। ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপনের মাধ্যমে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে তারা বিনিয়োগকারীদের আকৃষ্ট করত। ব্যবহারকারীদের ভার্চুয়াল অ্যাকাউন্টে ডিজিটাল ডলার দেখানো হলেও বাস্তবে এসব লেনদেন ছিল সম্পূর্ণ ভুয়া। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে চক্রটি হঠাৎ কার্যক্রম বন্ধ করে বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করে দেয়।

সিআইডি জানায়, প্রতারণার মাধ্যমে আদায় করা প্রায় ৩.৬ মিলিয়ন ডলার আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ 'ওকেএক্স'-এ সংরক্ষিত ছিল। ব্লকচেইন বিশ্লেষণ টুল ব্যবহার করে এই অর্থের উৎস নিশ্চিত হওয়ার পর ওকেএক্সের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। আদালতের নির্দেশনায় সোনালী ব্যাংকের মালিবাগ শাখায় একটি সরকারি হিসাব খোলা হয় এবং যুক্তরাজ্যভিত্তিক অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর করা হয়।

সব প্রক্রিয়া শেষে ৩৬ লাখ ২২ হাজার ৯৯৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ সোনালী ব্যাংকের ওই হিসাবে জমা হয়েছে। সিআইডি জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক সহায়তায় এই অর্থ উদ্ধার সম্ভব হয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলমান এবং ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন