ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ তৎপরতা চালাচ্ছেন গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান। মহাসড়কের যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে তার নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী নিরলস কাজ করে যাচ্ছেন।
বুধবার (১৮ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, আবু তাহের প্রধানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা দিন-রাত যানবাহনের জটলা কমাতে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন। তারা যাত্রীদের সঠিক দিকনির্দেশনা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা রাখছেন।
এ বিষয়ে আবু তাহের প্রধান বলেন, "ঈদ মানেই স্বজনদের কাছে ফেরার আনন্দ। কিন্তু যানজটের কারণে সেই আনন্দ অনেক সময় বিষাদে পরিণত হয়। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে মানুষের ভোগান্তি কমানো আমাদের নৈতিক দায়িত্ব। যাত্রী সাধারণ যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য ঈদের পরবর্তী সময় পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয় যাত্রী ও পরিবহন চালকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাজনৈতিক সংগঠনের এমন ইতিবাচক অংশগ্রহণ যানজট কমাতে এবং শৃঙ্খলা ফেরাতে সহায়ক ভূমিকা রাখছে। এতে সাধারণ মানুষের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে ঈদযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করা সম্ভব হবে।
ম.আ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ