ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির সাবেক ও বর্তমান সভাপতির স্থান

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির সাবেক ও বর্তমান সভাপতির স্থান

মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সাবেক ও বর্তমান দুই শীর্ষ নেতা। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাকৃবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম এবং বর্তমান সভাপতি আবু নাছির ত্বোহা কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হয়েছেন।

নতুন এই কমিটিতে ফখরুল ইসলাম কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে, বর্তমান সভাপতি আবু নাছির ত্বোহা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বর্তমানে বাকৃবি শাখার নেতৃত্ব দিচ্ছেন।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি রাজধানীর আল ফালাহ মিলনায়তনে পরিষদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সেক্রেটারিয়েট গঠন করা হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন এবং কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম পরামর্শক্রমে আরও ১৫ জনকে মনোনীত করেন। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমেই বাকৃবির এই দুই মেধাবী নেতা কেন্দ্রীয় নেতৃত্বে নিজেদের স্থান নিশ্চিত করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন