ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম স্থান অর্জন করে অনন্য এক নজির গড়েছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪ জনই বৃত্তি পেয়েছে, যা শতভাগ সাফল্যের এক বিরল দৃষ্টান্ত।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৬৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ৫৫ জন ছাত্র এবং ২৯ জন ছাত্রী। দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্যমতে, এক প্রতিষ্ঠান থেকে এত বিপুল সংখ্যক ট্যালেন্টপুল বৃত্তি পাওয়ার ঘটনা এবারই প্রথম।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী জানান, এটি কেবল এই বোর্ডের আওতাতেই নয়, সম্ভবত সারা দেশের মধ্যেই সেরা সাফল্য। অন্য কোনো বোর্ডে একটি প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি ও এত বেশি ট্যালেন্টপুল বৃত্তির নজির এখনও পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন। তিনি বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ ফল সম্ভব হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় আমাদের এই উচ্চতায় নিয়ে গেছে।”
এদিকে, চিরিরবন্দর উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিতে ভালো ফল করেছে। এর মধ্যে আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৮৮ জন, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৮ জন এবং সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। গ্রামাঞ্চলে মানসম্মত শিক্ষার প্রসার ও নিবিড় তত্ত্বাবধানের ফলে চিরিরবন্দরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে এই কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ