এপ্রিলে মাঠে গড়াচ্ছে নারী বিপিএল: আন্তর্জাতিক তারকাদের জন্য দুয়ার খোলা

এপ্রিলে মাঠে গড়াচ্ছে নারী বিপিএল: আন্তর্জাতিক তারকাদের জন্য দুয়ার খোলা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা: দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করে আগামী এপ্রিলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ বা নারী বিপিএল। ৪ থেকে ১৪ এপ্রিল মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসবে এই আসর। টুর্নামেন্টের আন্তর্জাতিক সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা।

আসন্ন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ মার্চ। রুবাবা দৌলা জানান, তিনটি দল নিয়ে শুরু হতে যাওয়া এই আসরে প্রতিটি দলে আইকন ক্রিকেটার হিসেবে থাকবেন জাতীয় দলের তিনজন তারকা। ৪টি ক্যাটাগরিতে ভাগ করে ক্রিকেটারদের ড্রাফট করা হবে, যেখানে দেশি আইকন ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ টাকা।

আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের জন্য এই লিগ উন্মুক্ত। ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করতে পারবে। ইতোমধ্যে কয়েকজন আন্তর্জাতিক তারকা আগ্রহ দেখিয়েছেন।’ সাধারণত ভারতীয় নারী ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার সুযোগ সীমিত থাকলেও, এই টুর্নামেন্টে স্মৃতি মান্দানা বা হরমনপ্রিত কৌরদের মতো তারকাদের আসার পথ খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

বিসিবির লক্ষ্য, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের নারী ক্রিকেটের মান বৃদ্ধি করা এবং বিশ্বমানের ক্রিকেটার তৈরি করা। আন্তর্জাতিক খেলোয়াড়দের সম্পৃক্ততা নারী বিপিএলকে ভবিষ্যতে একটি শক্তিশালী আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন