ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ মেহজাবীন চৌধুরী আটক হয়েছিলেন—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এই মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিস্তারিত পোস্টে তিনি এই ঘোষণা দেন।
প্রকাশিত সংবাদগুলোতে দাবি করা হয়েছিল, মেহজাবীনের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও বিমানবন্দর কর্তৃপক্ষ রহস্যজনকভাবে তাকে ছেড়ে দেয়। সে সময় তার সঙ্গে নির্মাতা আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত ছিলেন বলেও উল্লেখ করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। তবে মেহজাবীন স্পষ্ট জানিয়েছেন, বিমানবন্দরে তাকে কখনোই থামানো হয়নি এবং তার লাগেজ থেকে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না। কোনো কর্মকর্তা তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদও করেননি।
মেহজাবীন তার পোস্টে প্রশ্ন তোলেন, "আমার লাগেজ থেকে অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা কোনো ধরনের প্রমাণ কি আছে? দুর্ভাগ্যজনকভাবে মানহানি এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে।" তিনি আরও যোগ করেন যে, শুধুমাত্র 'ক্লিকবেইট'-এর জন্য তার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
নিজের সংশ্লিষ্টতা সম্পূর্ণ অস্বীকার করে মেহজাবীন পুনরায় বলেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অমূলক এবং তিনি এই ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হওয়া থেকে রক্ষা পেতে আইনি লড়াই চালিয়ে যাবেন। প্রযুক্তির অপব্যবহার করে শিল্পীদের সম্মানহানি করার এই প্রবণতা বন্ধ হওয়া জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ