মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন অফিস সময় ও হাজিরা নিয়ে কড়া নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন অফিস সময় ও হাজিরা নিয়ে কড়া নির্দেশনা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহ সমুন্নত রাখতে এবং দাপ্তরিক শৃঙ্খলা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সময়সূচী অনুযায়ী, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টা পর্যন্ত অফিস করতে হবে। এর আগে অনুমতি ছাড়া দপ্তর ত্যাগ করা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

জরুরি প্রয়োজনে বা দাপ্তরিক কাজে অফিস চলাকালীন বাইরে যেতে হলে নিজ বিভাগীয় প্রধানের (রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক ও প্রকাশনা নিয়ন্ত্রক) অনুমতি নিতে হবে। এক্ষেত্রে ডিজিটাল হাজিরা প্রদান সাপেক্ষে অফিস ত্যাগ করার নিয়ম করা হয়েছে। এছাড়া আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, সময় হওয়ার আগে অফিস ত্যাগ করলে বা বিলম্বে উপস্থিত হলে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং নিয়মিত উপস্থিতি বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন