মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার মনজুরুল করিমের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার মনজুরুল করিমের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের উইসমা পুত্রায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

হাইকমিশন সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি বাংলাদেশের নতুন সরকার প্রধানকে অভিনন্দন জানানো এবং টেলিফোনে শুভেচ্ছা বিনিময়ের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাইকমিশনার উল্লেখ করেন, মালয়েশিয়ার এই ইতিবাচক সাড়া দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বাংলাদেশের প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। উইসমা পুত্রার এই ইফতার মাহফিলে মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাইকমিশনার মনজুরুল করিম বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন, যা মালয়েশিয়ায় বাংলাদেশের কূটনৈতিক প্রভাব ও দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন