ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

ইসরায়েলের পার্লামেন্টে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে  এক ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এবং সর্বোচ্চ সম্মাননা ‘স্পিকার অব দ্য নেসেট মেডেল’-এ ভূষিত হয়েছেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নেসেটের স্পিকার আমির ওহানা তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। নরেন্দ্র মোদিই বিশ্বের প্রথম বিদেশি নেতা, যিনি এই বিরল পদক লাভ করলেন।

ভারত ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। ভাষণে মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি দিল্লির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেন। 

তিনি বলেন, “ভারত এই মুহূর্তে এবং এর পরেও পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে।” একই সঙ্গে তিনি গাজা শান্তি উদ্যোগের প্রতিও সমর্থন জানান।

নরেন্দ্র মোদি বিশ্বের সেই বিরল নেতাদের একজন, যিনি ইসরায়েল ও ফিলিস্তিন—উভয় দেশ থেকেই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এর আগে ২০১৮ সালে তিনি ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ লাভ করেছিলেন, যা বিদেশি নেতাদের জন্য ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মান।

গত নয় বছরের মধ্যে এটিই মোদির প্রথম ইসরায়েল সফর। এর আগে ২০১৭ সালের জুলাইয়ে তাঁর প্রথম সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছিল। এবারের সফরে প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়েছে।

সূত্র : দ্য হিন্দু ও টাইমস অব ইসরায়েল

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন