১২ বছর পর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

১২ বছর পর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক যুগের বিরতি শেষে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখে ফলাফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

এ বছর সারা দেশের ৬১১টি কেন্দ্রে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। গত ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত হয়ে পরবর্তীতে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। নীতিমালা অনুযায়ী, বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

ঢাকা বোর্ডে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি (৮৭ হাজার ৯৪৯ জন), যার মধ্যে সব বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৭ হাজার ৯১৯ জন। ঢাকার পর রাজশাহীতে ৪৩,৬৬০ জন, দিনাজপুরে ৪০,২৩১ জন এবং কুমিল্লায় ৪০,২১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল বরিশাল বোর্ডে (২০,৬২৯ জন)।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক যুগ পর এই বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়াকে মেধা বিকাশে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন