বিসিবির বড় ঘোষণা: মার্চ থেকেই শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট

বিসিবির বড় ঘোষণা: মার্চ থেকেই শুরু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো মাদ্রাসা পর্যায়ে ক্রিকেট চালুর ঘোষণা দিয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মার্চ মাস থেকেই এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সোমবার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের নবনিযুক্ত পরিচালক আসিফ আকবর তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিস্তারের এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন।

গেম ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়ে এক পডকাস্টে আসিফ আকবর জানান, আগামী মাস থেকেই স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেটও মাঠে গড়াবে এবং পরবর্তীতে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট চালুর পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অনেক প্রতিভাবান ক্রিকেটার মাদ্রাসা থেকে উঠে আসছেন। বাংলাদেশেও অনেক খেলোয়াড় ও কোচ রয়েছেন যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীদের বিনোদন কেবল হোস্টেলে সীমাবদ্ধ না রেখে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে চায় বিসিবি। শিক্ষার্থীদের পরীক্ষার সূচি মাথায় রেখেই খেলার সময়সূচি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে, নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা যৌন নিপীড়নের অভিযোগে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দীর্ঘ তিন মাস তদন্ত শেষে বোর্ড সভায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির মধ্যেও ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ফাইল ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন