আকাশ-মিজানের নেতৃত্বে কুবির ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ

আকাশ-মিজানের নেতৃত্বে কুবির ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ

বি এম ফয়সাল, কুবি প্রতিনিধি: “ব্রহ্মপুত্রের টানে, বাজুক গান প্রাণে প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদ্য সাবেক সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক খন্দকার মোরসালিন হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর রহমান।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের এই সংগঠনটি একটি পরিবারের মতো। এমন একটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। এই আস্থার প্রতি সম্মান রেখে এবং সবার সহযোগিতা নিয়ে খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি দেন তিনি।

অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি সাইফুল মালেক আকাশ বলেন, এই দায়িত্ব একদিকে যেমন গৌরবের, অন্যদিকে একটি বড় আমানত। তাঁর ওপর অর্পিত এই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান। আকাশ ও মিজান উভয়েই তাঁদের এই নতুন পথচলায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং সাবেক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টা মণ্ডলীর কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন