বিসিবির ক্রিকেট ডিপ্লোমেসি ও আসিফ নজরুলের স্যালুট

বিসিবির ক্রিকেট ডিপ্লোমেসি ও আসিফ নজরুলের স্যালুট

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয়। এরপরই ব্যাপক তোলপাড় শুরু হয়। তখন জাতীয় ক্রিকেটাররা সিলেটে বিপিএল খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ভারত থেকে ভেন্যু সরানোর পরামর্শ দিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর পরামর্শ দেন। এরপর দুই দফায় চিঠি আদান-প্রদান হলেও কোনো ফল হয়নি।

পরে আইসিসি একটি সভা ডাকে এবং আনুষ্ঠানিকভাবে জানায়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার জন্য আসিফ নজরুল তাদের ডেকে পাঠান। কয়েক ঘণ্টার বৈঠকের পরও বাংলাদেশের অবস্থান অনড় ছিল। গত ২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, “আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।”

​বিশ্বকাপ বয়কটের প্রায় তিন সপ্তাহ পর আসিফ নজরুলের সুর পাল্টে যায়। গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, “কোনো অনুশোচনা বা প্রশ্নই আসে না। আমাদের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা এবং ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেট, ক্রিকেটারদের ও দেশের মানুষের নিরাপত্তার জন্য। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” 

এছাড়া ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির একটি ইভেন্ট আয়োজনের সুযোগও দেওয়া হবে। আসিফ নজরুল বলেন, “বিসিবি যে ক্রিকেট ডিপ্লোমেসি করেছে, আইসিসি বলছে তারা আমাদের কোনো শাস্তি দেবে না, বরং একটি বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক আমাদের করবে। এটা দারুণ অর্জন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাই। এরকম সিদ্ধান্ত ১০ বার নেওয়ার সুযোগ এলে ১০ বারই নেওয়া উচিত।”

​আই.এ/সকালবেলা

মন্তব্য করুন