এলজিইডিতে ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিলো সরকার

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
এলজিইডিতে ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিলো সরকার
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন প্রধানের স্বাক্ষরে গত রোববার (১ নভেম্বর ২০২৬) জারি করা এই প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী পদে অস্থায়ী ভিত্তিতে পদায়ন করা হয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী এ পদের মাসিক মূল বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪,০০০ থেকে ১,০৪,৮০০ টাকা (৯ম গ্রেড)।

প্রজ্ঞাপনের নির্দেশনায় বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের আগামী ১০ নভেম্বর (২০২৬) তারিখের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে যোগদানপত্র দাখিল করতে হবে। এজন্য ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত কক্ষে উপস্থিত হয়ে লিখিত যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তার নিয়োগ আদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে কয়েকটি আবশ্যিক শর্ত যুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে— যথাযথ প্রাক-পরিচয় যাচাই (পুলিশ ভেরিফিকেশন), স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ যাচাইকরণ।

এছাড়া প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের প্রথম দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষানবিশকালে কারও কর্মদক্ষতা, শৃঙ্খলা বা আচরণ সন্তোষজনক না পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে।

একই সাথে নির্ধারিত সরকারি প্রতিষ্ঠানে সফলভাবে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণসহ চাকরি স্থায়ী করার সুবিধার্থে পরবর্তী তিন বছরের মধ্যে অনুষ্ঠিতব্য চারটি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রাখা হয়েছে। এজন্য নতুন কর্মকর্তাদের নির্ধারিত ফরম্যাটে বন্ড বা অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধান মেনে নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের চাকরিতে যোগদানের সময় নিজেদের অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। এতে চূড়ান্ত মনোনীত ১৮১ জনের নাম, রোল নম্বর, জন্মতারিখ ও নিজ জেলার তালিকা সংযুক্ত করা রয়েছে।