আমাকেই লক্ষ্য করে গুলি, তবে বেঁচে গেছি: আসিফ আকবর

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ণ
আমাকেই লক্ষ্য করে গুলি, তবে বেঁচে গেছি: আসিফ আকবর

অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজারে নিজ কার্যালয়ের সামনে পার্ক করে রাখা ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দূর থেকে গুলির ঘটনার পর অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। অজ্ঞাতপরিচয় কোনো দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে সরাসরি গুলি চালালেও ঘটনার সময় ভেতরে না থাকায় সম্পূর্ণ অক্ষত ও সুস্থ রয়েছেন তিনি। তবে তার দৃঢ় ধারণা, সময় হিসাব করে তাকেই মূল লক্ষ্যবস্তু বানিয়েছিল হামলাকারীরা।

গত শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের পার্ক করা গাড়িটি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। ওই সময় কার্যালয়ের ভেতরে অবস্থান করায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বিকেলে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। সকালে প্রাথমিক আইনি আনুষ্ঠানিকতা শেষে বাসায় বিশ্রাম নেন এবং পরবর্তীতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তার বাসায় গিয়ে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।

কেন তাকে লক্ষ্য করা হতে পারে সে বিষয়ে আসিফ জানান, তার দৈনন্দিন অফিসে আসা-যাওয়ার নির্ধারিত সময়সূচি সম্পর্কে হামলাকারীদের স্পষ্ট ধারণা ছিল। তিনি সাধারণত রাত ৮টা থেকে সাড় ৮টার মধ্যে মগবাজারের নিজস্ব অফিসে যান এবং ফজরের নামাজের আগে-পরে বাসায় ফেরেন। ঘটনার সময় তিনি অফিসের সিসিটিভি ফুটেজে হঠাৎ বিষয়টি খেয়াল করেন, যদিও ঘরের ভেতরে থাকায় গুলির স্পষ্ট শব্দ পাননি। আসিফ আকবর ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন, "যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা ভালো করেই জানত আমি কখন বের হই। আর কিছুক্ষণ পরেই আমার নিচে নামার কথা ছিল। আমি সেখানে উপস্থিত থাকলে পরিস্থিতি অন্য রকম হতে পারত। তবে ব্যক্তিগত শত্রুতা বা নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য আপাতত আমার কাছে নেই।"

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারের বিশাল সেন্টারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত অফিস রয়েছে। ভবনের নিচতলার উন্মুক্ত পার্কিংয়ে রাখা তার গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়।

পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে আসে, ভোর পৌনে ৫টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক অজ্ঞাতনামা ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সটে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত গাড়ির পেছনের কাচ ভেঙে ভেতরের অংশ থেকে একটি তাজা গুলির ব্যবহৃত কার্তুজ উদ্ধার করে। তবে ঠিক কী উদ্দেশ্যে বা কারা এই আক্রমণ চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

সকালবেলা / নুসরাত