স্থানীয় সরকার ও উপনির্বাচন ঘিরে দুপুরে বৈঠকে বসছে ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন কেন্দ্র করে সুনির্দিষ্ট প্রশাসনিক প্রস্তুতি, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয়ের বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে। এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ইতোমধ্যে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) ঊর্ধ্বতন প্রতিনিধিরা এই সমন্বয় সভায় অংশ নেবেন। পাশাপাশি শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পূর্বঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজকের এই আন্তঃমন্ত্রণালয় সভা থেকে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক রদবদলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।