পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে ‘জশনে জুলুস’ (মিছিল) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) সকালে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার মূল ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সার্বিক সহযোগিতায় এ বিশাল জশনে জুলুস বের করা হয়। এতে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নবীপ্রেমিক মানুষ অংশ নেন।
সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ ঐতিহাসিক কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়। এরপর মিছিলটি তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট প্রদক্ষিণ করে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে সমবেত হয়।
জুলুসে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসলমানদের হাতে কলেমা, দরুদ শরিফ ও নানা ইসলামী বাণীসংবলিত বাহারি রঙের ব্যানার, ফেস্টুন ও পতাকা দেখা যায়। ‘নারায়ে তাকবির, নারায়ে রিসালাত’ ধ্বনি এবং হামদ, নাতে রাসুল ও গজল পরিবেশনায় পুরো মোহাম্মদপুর ও আশপাশের এলাকা এক মুখরিত উৎসবের নগরীতে পরিণত হয়।
জুলুস শেষে শ্যামলী ক্লাব মাঠে এক বিশাল আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাবির শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমদ শাহ।
কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারীসহ অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরাম শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। পরে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
|