মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে আজ সোমবার (২২ জুন) বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় আজ বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ‘বুঙ্গা রায়’ ভিআইপি টার্মিনাল থেকে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খাঁনসহ দুই দেশের ঊর্ধ্বতন কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, চীনের দালিয়ানে প্রধানমন্ত্রী দুই দিন অবস্থান করবেন এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন, যেখানে তাঁর দ্বিপক্ষীয় সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
উল্লেখ্য, গত ২১ জুন দুই দিনের সফরে মালয়েশিয়া আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর। এই সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একান্ত ও প্রতিনিধি পর্যায়ে অত্যন্ত ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
|