সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
সাভার (ঢাকা) প্রতিনিধি: সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা রুখে দিতে এবং ফ্যাসিবাদের বিচারের দাবিতে সাভারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
আজ সোমবার (২২ জুন) বিকেলে সাভারের পাকিজা মোড় সংলগ্ন শহীদ ইয়ামিন চত্বরে এই প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাভার থানা ও পৌর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘ছাত্রদল দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। সাভার ও আশুলিয়ার মাটিতে কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে আর রাজপথে নামতে দেওয়া হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ যেন এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেজন্য ছাত্রদল সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার দুঃসাহস দেখালে মাঠেই তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকার দেশের সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে, ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে। তাদের বাংলার মাটিতে আর কোনো রাজনৈতিক কর্মসূচি বা মিছিল করার অধিকার নেই। নিষিদ্ধ দলটির যেকোনো অপতৎপরতা রুখতে এবং খুনিদের বিচারের দাবিতে ছাত্রদল সোচ্চার রয়েছে।’
সমাবেশ থেকে ছাত্রদল নেতৃবৃন্দ ঘোষণা দেন, আগামীকাল মঙ্গলবার ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে গেন্ডা ইউটার্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ ইয়ামিন চত্বরে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে সাভার ও আশুলিয়ায় বিএনপির নেতাকর্মীরাও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
আজ সোমবার দুপুরে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ যাতে সাভার-আশুলিয়া অঞ্চলের কোথাও কোনো ঝটিকা মিছিল বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে।’
এআইএল/সকালবেলা
|