আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

বিনোদন ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে সারা বিশ্ব, সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে ভক্তদের সাথে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় নাটকের জুটি খায়রুল বাসার ও কেয়া পায়েল।

জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ নাটকের ‘সামির’ ও ‘মেহরীন’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া খায়রুল বাসার ও কেয়া পায়েল নিজেদের আর্জেন্টিনা সমর্থনের বিষয়টি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন। অভিনেতা খায়রুল বাসার তার ফেসবুক পেজে এআই প্রযুক্তিতে তৈরি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাদের দুজনকে দেখা যাচ্ছে আর্জেন্টিনার জার্সি পরা অবস্থায়।

ছবিটির ক্যাপশনে খায়রুল বাসার লিখেছেন, ‘সামির-মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’ এআই দিয়ে তৈরি এই ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত এই পোস্টে ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে এবং হাজারো মন্তব্যে ভক্তরা তাদের প্রিয় জুটির ফুটবল প্রেমের প্রশংসা করেছেন।

খায়রুল বাসার জানিয়েছেন, তারা দুজনেই ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার ভক্ত। অন্যদিকে কেয়া পায়েল জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলকে সমর্থন করে আসছেন। নাটকের পর্দার বাইরেও প্রিয় দলের প্রতি তাদের এই একাত্মতা ভক্তদের কাছে বেশ আনন্দদায়ক এক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বকাপের এই আসরে সামির ও মেহরীনের মতো অনেক তারকাই ফুটবল জ্বরে আক্রান্ত, যা ভক্তদের মাঝে দলের প্রতি সমর্থন আরও বাড়িয়ে দিচ্ছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন