গোদাগাড়ীতে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
গোদাগাড়ীতে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় শরীরে লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইনসহ দুই জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

গত ১৯ জুন (শুক্রবার) রাতে গোদাগাড়ী থানার গোপালপুর নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. সিজার আহম্মেদ নয়ন (২৫) এবং আমরুল মৃধা (৫০)।

র‍্যাব-৫ জানায়, গত ১৯ জুন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি’র একটি গোয়েন্দা দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে মাদক ব্যবসায়ীরা হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোপালপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।

চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামায় এবং আরোহী সিজার ও আমরুলকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন পরিবহনের কথা স্বীকার করে। এ সময় আসামিরা নিজ হাতে লুঙ্গি উঁচু করে তাদের দুই পায়ের রানে অভিনব কায়দায় কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় রাখা হেরোইনের দুটি প্যাকেট বের করে দেয়। পলিথিন ব্যাগ দুটি থেকে মোট ১৮৮ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।

র‍্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক, অস্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‍্যাবের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

গোদাগাড়ী থানা সূত্রে জানা গেছে, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন