যশোরে সোনাসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
যশোরে সোনাসহ দুই চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর-নড়াইল মহাসড়কে একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি সোনার বার জব্দ করা হয়।

আজ শনিবার (২০ জুন) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান নেয়। বিজিবি ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ৩১টি সোনার বার উদ্ধার করা হয় এবং জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়।

অভিযানে চোরাকারবারিদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি সোনার বার, চোরাচালানে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা। এছাড়া ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের প্রাইভেটকার ও ৩৬ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনসহ সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়ের করে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দকৃত সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা ও মহাসড়কে সোনাসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির এই নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন