সাতক্ষীরায় ৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধ ও ফেনসিডিল জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধ ও ফেনসিডিল জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের হোগলডোরা খাল সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ১৯ হাজার টাকা। 

সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি আভিযানিক দল। অভিযানকালে ওই এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ৩১৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল এবং বিপুল পরিমাণ ভারতীয় জীবনরক্ষাকারী ওষুধ জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধ এবং মাদক নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের এই ধরনের বিশেষ আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন