স্কালোনির কঠিন সিদ্ধান্ত: বাদ পড়তে পারেন আর্জেন্টিনার তারকারা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলারদের কড়া বার্তা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারলে এবং শতভাগ ফিট না থাকলে যেকোনো খেলোয়াড়কেই দল থেকে বাদ পড়তে হবে। বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকালে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিতব্য এই প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে স্কালোনি ফুটবলারদের এই সতর্কবার্তা দেন।
সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তে কোচ বলেন, "যদি কেউ ন্যূনতম খেলার যোগ্যতার শর্ত বা ফিটনেস পূরণ করতে না পারেন, তবে তাকে দল থেকে বাদ দেওয়া হবে। বিশেষ করে যারা চোটে আছেন, তাদের জন্য আগামী সপ্তাহটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।" আর্জেন্টাইন কোচের এই সতর্কবার্তা এমন এক সময়ে এল, যখন আর্জেন্টিনা দলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় চোটের কারণে ভুগছেন। চোটাক্রান্ত এই তালিকার মধ্যে রয়েছেন নিকো গনজালেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকো পাজ, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, গনজালো মন্তিয়েল, লেয়ান্দ্রো পারেদেস এবং স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। চোট পরিস্থিতি নিয়ে স্কালোনি বলেন, "এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে, তবে অনুশীলনের চাপ কমালে ইনজুরির কী অবস্থা দাঁড়ায়, সেটা আমাদের দেখতে হবে।"
জানা গেছে, চলতি সপ্তাহে চোটাক্রান্ত খেলোয়াড়দের ওপর থেকে কিছুটা চাপ কমিয়ে দিয়ে আগামী সপ্তাহে তাদের চূড়ান্ত পরীক্ষা নেবে আর্জেন্টিনার মেডিকেল ও কোচিং স্টাফ। আর সেই পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে বিশ্বকাপে দলের সঙ্গে শেষ পর্যন্ত কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন। আর্জেন্টাইন কোচের ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহটি ইনজুরিতে থাকা খেলোয়াড়দের আসল অবস্থা পরীক্ষার সুযোগ দেবে, কারণ এতদিন কোচিং স্টাফ তাদের নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চায়নি। আগামী মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচের পর আগামী সপ্তাহে কোচিং স্টাফরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে, বিশ্বকাপের মূল দলে কোনো পরিবর্তন আসবে কি না।
|