দিরাইয়ে দুই যুবকের আত্মহত্যা

প্রকাশ: শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
দিরাইয়ে দুই যুবকের আত্মহত্যা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক দিনে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত যুবকেরা হলেন— উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মো. ধনু মিয়ার ছেলে বাবর মিয়া (২৫) এবং জারুলিয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আমজদ আলী (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৫ জুন) নিজ ঘরের আড়ার সঙ্গে বাবর মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। খবর পেয়ে দিরাই থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, একই দিনে উপজেলার জারুলিয়া গ্রামে আমজাদ হোসেন নামের অপর এক যুবক নিজ ঘরে বিষপান করেন। ছটফটানি অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ দুটি লাশই উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন