ইনজুরির কারণে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচ মিস করছেন মার্তিনেজ

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
ইনজুরির কারণে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচ মিস করছেন মার্তিনেজ

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইউরোপা লিগের ফাইনালে ভাঙা আঙুল নিয়ে খেলার পর জানা গেছে, তার আঙুলে সামান্য ফাটল ধরেছে। এই চোটের কারণে আলবিসেলেস্তেদের হয়ে আসন্ন অন্তত দুটি ম্যাচ মিস করবেন তিনি। তবে অস্ত্রোপচারের প্রয়োজন না থাকায় বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন দিবু।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের তথ্য অনুযায়ী, মার্তিনেজের আঙুলের চোট থেকে সেরে উঠতে আনুমানিক ২০ দিন সময় লাগবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগেই মার্তিনেজ ফিট হয়ে যাবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে মার্তিনেজ অ্যাস্টন ভিলার হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচটি খেলতে পারবেন না। পাশাপাশি আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচেও তিনি থাকছেন না। সূচি অনুযায়ী, আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচে মার্তিনেজ মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপের মূল আসরে তাকে পাওয়া নিয়ে কোনো সংশয় নেই।

মন্তব্য করুন