আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি নীরব ঘাতককে জয় করি’। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালন করে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে, যার মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী উচ্চ রক্তচাপ। বিশ্বজুড়ে প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ এই নীরব ঘাতকের কারণে মারা যায়, যা সকল সংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও অনেক বেশি।

এছাড়া, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকার একেবারে এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এখন আর কেবল প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের রোগ নয়, বর্তমানে তরুণদের মধ্যেও এই প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জানান, বর্তমানে দেশে প্রতি পাঁচ জন তরুণের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। চিপস, আচার, বার্গার, পিৎজা, কোমল পানীয় ও অতিরিক্ত চিনি-লবণযুক্ত ফাস্টফুড জাতীয় খাবার তরুণদের রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়সী মানুষের প্রায় ২০ শতাংশই হাইপারটেনশনে আক্রান্ত। পরিসংখ্যান অনুযায়ী, ৩৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই হার প্রায় ৪০ শতাংশ। তবে সবচেয়ে ভীতিপ্রদ তথ্য হলো, উচ্চ রক্তচাপে আক্রান্ত অর্ধেক নারী (৫১ শতাংশ) এবং দুই-তৃতীয়াংশ পুরুষই (৬৭ শতাংশ) জানেন না যে তাদের শরীরে এই রোগটি বাসা বেঁধেছে। বাংলাদেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি এই উচ্চ রক্তচাপ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী জানান, অনিয়ন্ত্রিত মানসিক চাপ, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া এবং প্রযুক্তিনির্ভর অলস জীবনযাপন উচ্চ রক্তচাপের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তবে নিয়মিত রক্তচাপ পরীক্ষা, সঠিক জীবনযাত্রা ও চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের মাধ্যমে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আজ রবিবার সকাল ১০টায় মিরপুর-২ নম্বরে অবস্থিত ফাউন্ডেশনের হল রুমে একটি সেমিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন