নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যারেজ নিয়ে সরকার খুব শিগগিরই একটি চূড়ান্ত ও ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে ২০২৬) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
পদ্মা ব্যারেজ বাংলাদেশের সামগ্রিক পানি ব্যবস্থাপনা ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি প্রকল্প উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, “পদ্মা ব্যারেজ নিয়ে আমরা খুবই গুরুত্বের সাথে কাজ করছি এবং খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই বড় প্রকল্পটির প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।”
বৈঠকের অন্যান্য আলোচ্য বিষয় সম্পর্কে মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে প্রাথমিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া সরকারের প্রথম ১০০ ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের পানিসম্পদ রক্ষায় কী কী জরুরি কাজ সম্পন্ন করা হবে, সে বিষয়গুলো নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ মে ২০২৬ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচির পাশাপাশি সরকারের অগ্রাধিকারভিত্তিক ‘দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচি’-র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এর পরপরই আগামী ২৫ মে প্রধানমন্ত্রী ফেনী জেলা সফরে যাবেন বলেও নিশ্চিত করেন পানিসম্পদ মন্ত্রী।