সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়া এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে শুভকামনা জানিয়েছেন দলটির আরেক নেত্রী মনিরা শারমিন। তবে একইসঙ্গে নুসরাতের সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে নিজের শুরু করা আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আজ সোমবার (৪ মে ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।
মনিরা শারমিন জানান, নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিত চেয়ে তিনি উচ্চ আদালতে রিট করেছেন, যার শুনানি আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা। মনিরা বলেন, "সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার নিজের এই আইনি লড়াইটা করা। কারণ এই আইনটা স্পষ্ট হলে অনেক শিক্ষিত তরুণের রাজনীতিতে আসার পথ সুগম হবে।" তিনি আরও যোগ করেন যে, ত্যাগের রাজনীতি প্রতিষ্ঠা করাই তাঁর এই লড়াইয়ের মূল লক্ষ্য।
ব্যক্তিগতভাবে নুসরাতের প্রতি কোনো বিদ্বেষ নেই উল্লেখ করে মনিরা শারমিন বলেন, "নুসরাত আমার সহযোদ্ধা। ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে এবং জুলাইয়ের রাজপথে সে সক্রিয় ছিল। তার জন্য শুভকামনা রইল।" তবে রাজনৈতিক অসংগতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াকেই নিজের সার্থকতা হিসেবে দেখছেন মনিরা।
গতকাল রবিবার সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা শপথ নিলেও নুসরাত তাবাসসুমের শপথ অনুষ্ঠিত হয়নি। নির্বাচন কমিশন (ইসি) তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও আইনি জটিলতার কারণে এখনো গেজেট প্রকাশিত হয়নি।
মনিরা শারমিনের মতে, জুলাই বিপ্লবের প্রতিশ্রুতি ছিল সবাই মিলে দেশ গড়া। শিক্ষিত তরুণরা যাতে ক্যারিয়ার ত্যাগ করে রাজনীতিতে আসতে পারে এবং রাজনীতি যে কেবল চাঁদাবাজির জায়গা নয়, তা প্রতিষ্ঠিত করতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
জান্নাত/সকালবেলা