ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (৩ মে ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে এই মরদেহটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ধারণা করছে, এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় দ্রুতগামী কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ আজ সোমবার (৪ মে) সকালে জানান, নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বর্তমানে মরদেহটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্ত শেষে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন