খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলে, কমিটি স্থগিত

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলে, কমিটি স্থগিত

জহিরুল হক মিলন, ফেনী: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করায় ফেনীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নবগঠিত কমিটির ৬ সদস্য পদত্যাগ করেছেন। পরিস্থিতির প্রেক্ষাপটে যুবদলের কেন্দ্রীয় কমিটি ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করেছে।

জানা যায়, ২০১৭ সালে মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গাজী এনামুল হক সুজন আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর আরেকটি মামলায় তাকে ২৫ নম্বর আসামি করা হয়। বর্তমানে এই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে এই কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদত্যাগকারী সদস্যরা জানিয়েছেন, দলীয় নেত্রীর ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির অধীনে কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। অভিযুক্ত সুজন অবশ্য দাবি করেছেন, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই তাকে এসব মামলায় জড়ানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন