সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: প্রাণ গেল ৮ নির্মাণ শ্রমিকের

রাকিবুল হাসান
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ণ
সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: প্রাণ গেল ৮ নির্মাণ শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোর ৬টা ২৫ মিনিটের দিকে তেতলী বাজার এলাকায় একটি মালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৭ জন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১৫-২০ জন নির্মাণ শ্রমিক নিয়ে একটি ডিআই পিকআপ সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে দক্ষিণ সুরমার তেতলী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (চট্টগ্রাম থেকে আসা) আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন: ১. মো. সুরুজ আলী (৬০), দিরাই, সুনামগঞ্জ। ২. মোছা. মুন্নি (৩৫), দিরাই, সুনামগঞ্জ। ৩. মো. বদরুল (৩০), জালালাবাদ, সিলেট। ৪. মো. ফরিদুল (৩৫), দিরাই, সুনামগঞ্জ। বাকি ৪ জনের নাম-পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

দুর্ঘটনায় আহত ৭ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতরা সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক ও পিকআপের চালক পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভোরবেলা এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। মহাসড়কে বেপরোয়া গতি ও চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন