তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল জেলা কারাগার পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পরিদর্শন শেষে কারাগারের সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনায় কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা এবং বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সার্বিক পরিবেশের খোঁজখবর নেন।
কারাগারে বন্দিদের জন্য চলমান বিভিন্ন পুনর্বাসনমূলক কার্যক্রম যেমন—দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় বন্দিদের কল্যাণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, আইনি সহায়তা প্রদান এবং কারাগারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বোর্ডের সদস্যরা কারাগারের আধুনিকায়ন ও বন্দিদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. তারিকুল ইসলাম, জেলা কারা পরিদর্শক বোর্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা