মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভেতরে বিপুল পরিমাণ ভোজ্যতেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়।
সরেজমিনে দেখা যায়, তেলের বোতলগুলো গলে চারদিকে ছড়িয়ে পড়েছে এবং শত শত বস্তা পণ্য পুড়ে কয়লায় পরিণত হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে গোডাউনের দেয়াল ও কাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সরকারের কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে করুণ দৃশ্য দেখা যায় সকালে, যখন টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের মানুষ পণ্য নিতে আসেন। গত বুধবার এলাকায় মাইকিং করে জানানো হয়েছিল আজ পণ্য দেওয়া হবে। কিন্তু এসে পোড়া মালামাল দেখে হতাশ হয়ে খালি হাতে ফিরে যান তারা। মতিন নামে এক ভুক্তভোগী বলেন, "পণ্য পাব আশা করে এসেছিলাম, কিন্তু এখন খালি হাতে ফিরতে হচ্ছে।"
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি তারা অবগত আছেন এবং টিসিবির ডিলারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।
এ.আই.এল/সকালবেলা