সামসুজ্জামান সুমন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনন্দঘন পরিবেশে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় বালক ও বালিকা—উভয় বিভাগেই নয়ালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় আধিপত্য বিস্তার করে শিরোপা জয় করেছে। বালক বিভাগের ফাইনালে নয়ালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, বালিকা বিভাগের লড়াইটি ছিল সমানে-সমান। নির্ধারিত সময়ে ফলাফল না আসায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে পূর্ব দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে নয়ালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্যরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। বালক বিভাগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নয়ালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইকতারুল 'সেরা খেলোয়াড়' এবং বালিকা বিভাগে পূর্ব দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুনতাজ বেগম 'সেরা গোলদাতা' নির্বাচিত হন।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসা. মাহমুদা বেগম এবং কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ শাহ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুর রহমান বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়-পরাজয় বড় কথা নয়, এই টুর্নামেন্টের মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি হবে।" তিনি বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং পরাজিত দলকে আগামীতে আরও ভালো প্রস্তুতির পরামর্শ দেন।
এ.আই.এল/সকালবেলা