হাওর ডুবে ফসলের বিপর্যয়: ধান হারিয়ে নিঃস্ব কৃষক

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
হাওর ডুবে ফসলের বিপর্যয়: ধান হারিয়ে নিঃস্ব কৃষক

মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বিভিন্ন হাওরের শত শত হেক্টর জমির পাকা বোরো ধান। বছরের একমাত্র ফসল হারিয়ে হাওরাঞ্চলের কৃষকদের মাঝে এখন হাহাকার শুরু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার খয়রার হাওর, গনেশের হাওর, তলার হাওর, জালিয়ার হাওর ও হাতির হাওরসহ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, পাকা ধান এখন পানির নিচে। অনেক কৃষক শ্রমিকের অভাবে স্কুলপড়ুয়া সন্তানদের নিয়ে বুক সমান পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন। একদিকে ফসল পচে নষ্ট হচ্ছে, অন্যদিকে গবাদি পশুর প্রধান খাদ্য ‘খড়’ জমিতেই পচে যাওয়ায় সামনে গো-খাদ্যের তীব্র সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

তলার হাওরের কৃষক সফিয়ন ও শিপন জানান, ৫ একর জমির অধিকাংশ ধানই পানির নিচে। কষ্ট করে কিছু ধান কেটে মাড়াই করলেও রোদ না থাকায় ধানে চারা গজিয়ে যাচ্ছে। তাছাড়া জমিতে পানি ও কাদা থাকায় ধান কাটার যন্ত্র (হারভেস্টার) নামানো সম্ভব হচ্ছে না। জ্বালানি তেল ও শ্রমিক সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।

চানগাঁও ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, "বাম্পার ফলনের স্বপ্ন অকাল বন্যায় ভেঙে গেছে। আমরা প্রশাসনের সাথে মিলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করছি।"

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান জানান, পৌরসভাসহ আট ইউনিয়নে অন্তত ৬২৫ হেক্টর জমির ধান ইতিমধ্যে তলিয়ে গেছে। আক্রান্ত জমির পরিমাণ আরও বাড়তে পারে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী বলেন, "ক্ষতিগ্রস্ত হাওরগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে; সরকারিভাবে সম্ভাব্য সকল সহযোগিতা দ্রুত পৌঁছে দেওয়া হবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন