ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলার আবেদন নোয়াখালীর যুবকের
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ এনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের বিরুদ্ধে নোয়াখালীতে এক তরুণ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ম্যাচে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করার দাবি তুলে ওই তরুণ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
বুধবার (৮ জুলাই) রাত ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের মান্দারতলী গ্রামের বাসিন্দা মো. রাকিব (২২) সুধারাম মডেল থানায় এই অদ্ভুত ও চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে যান।
লিখিত অভিযোগে মো. রাকিব উল্লেখ করেন, গত মঙ্গলবার রাতে (৭ জুলাই) তিনি এবং তাঁর এলাকার অন্যান্য ক্রীড়ামোদী শুভাকাঙ্ক্ষীরা স্থানীয় করমুল্যা বাজারে বসে বড় পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের মিসর বনাম আর্জেন্টিনার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করছিলেন। খেলা চলাকালীন ম্যাচের শুরু থেকেই বিবাদী রেফারি এবং ফিফা সভাপতি সুপরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার লক্ষ্যে নানামুখী প্রতারণা ও পক্ষপাতমূলক আচরণের আশ্রয় নেন।
অভিযোগে দাবি করা হয়, ম্যাচের ১৪তম মিনিটে মিসর গোল করে এগিয়ে যাওয়ার পরপরই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরে ফিফা সভাপতির প্ররোচনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর ঠিক ৫ মিনিটের মাথায় তিনি আর্জেন্টিনাকে সম্পূর্ণ অন্যায্য একটি পেনাল্টি উপহার দিয়ে খেলায় সমতা আনেন। পরবর্তীতে ম্যাচের ২৫তম মিনিটে মিসর দলের আরেকটি বৈধ গোল রেফারি প্রথমে মেনে নিলেও, মাত্র ৩ মিনিটের মাথায় রহস্যজনক কারণে তা বাতিল ঘোষণা করেন।
অভিযোগে আরও বলা হয়, ম্যাচের শেষভাগে মিসরীয় ফুটবলাররা পুনরায় গোল করার চেষ্টা করলে রেফারি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের খেলোয়াড়দের একের পর এক হলুদ কার্ড এবং মিসরের প্রধান কোচকে অন্যায়ভাবে লাল কার্ড প্রদর্শন করে হয়রানি করেন। এতে মিসর দলের মানসিক মনোবল ভেঙে পড়ে এবং আর্জেন্টিনার জন্য ম্যাচ জয়ের পথ সুগম করে দেওয়া হয়।
বাদী দাবি করেন, ফিফা কর্তৃপক্ষের এমন চরম পক্ষপাতিত্ব এবং রেফারিংয়ের নামে জালিয়াতির কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মিসর সমর্থক চরম হতাশা ও মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। এই মানসিক আঘাতের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে ফিফা থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করা এবং আন্তর্জাতিক আইনের আওতায় বিবাদীদের বিচারের মুখোমুখি করা অত্যন্ত জরুরি বলে তিনি এজাহারে উল্লেখ করেন।
অভিযোগকারী রাকিব বলেন, "আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচটি দেখার পর থেকে আমরা চরমভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত, যার কারণে থানায় লিখিত অভিযোগ করেছি। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় আমি আদালতে যাব, প্রয়োজনে মানববন্ধনসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালন করব।"
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম তরুণের অভিযোগ নিয়ে থানায় আসার সত্যতা নিশ্চিত করে বলেন, "এই ধরনের আন্তর্জাতিক ম্যাচ বা সংস্থার বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। পরে ওই তরুণকে বিষয়টি বুঝিয়ে বলা হলে তিনি তাঁর লিখিত অভিযোগ নিয়ে থানা থেকে চলে যান।"
এআইএল/সকালবেলা
|